স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে ধবল ধোলাইয়ের পর এবার ওয়ানডে মিশনে নামবে শ্রীলঙ্কা। ঘরের মাঠে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। এছাড়া ১৫ সদস্যের ওই দলে ফিরেছেন মিলিন্দা সিরিবর্ধনে।
ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার মিলিন্দা পুষ্পকুমারা। এছাড়াও ওয়ানডের জন্য দলটিতে ডাক পেয়েছেন ভিশওয়া ফার্নান্দো। ভারতের বিপক্ষে টেস্টে সুযোগ পেলেও ওয়ানডেতে এখনো লঙ্কান দলে অভিষেক হয়নি তার।
ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পাননি নুয়ান প্রদীপ, অসেলা গুনারত্নে। এছাড়াও অসিথা ফার্নান্দো, নুয়ান কুলাস্যাকারা এবং লাহিরু কুমারা ভারতের বিপক্ষে ওয়ানডে দলের বাইরে রয়েছেন। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে দলে ছিলেন তারা।
গত জুনে চ্যাম্পিয়নস ট্রফির পর শ্রীলঙ্কার ওয়ানডে দলের বাইরে রয়েছে থিসারা পেরেরা। অন্যদিকে গত এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে লঙ্কান দলে ছিলেন সিরিবর্ধনে।
ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার পূর্নাঙ্গ অধিনায়ক হিসেবে এবারই প্রথম ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন উপুল থারাঙ্গা। অ্যাঞ্জেলো ম্যাথুসের পর শ্রীলঙ্কা দলে নেতৃত্বের দায়িত্ব পান তিনি। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি আগামী ২০ আগস্ট ডাম্বুলায় শুরু হবে।
লঙ্কান ওডিআই দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, নিরোশান ডিকভেলা, ধানুসকা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, চামেরা কাপুগেদারা, মিলিন্দা সিরিবর্ধনে, মালিন্দা পুষ্পকুমারা, অখিলা ধননঞ্জয়া, লাকসান সান্দাকান, থিসারা পেরেরা, বানিন্দু হাসারঙ্গা, লাসিথ মালিঙ্গা, দুশমান্থা চামেরা, ভিশাওয়া ফার্নান্দো।

