স্পোর্টস ডেস্ক : লন্ডন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার স্প্রিন্টে চমক দেখিয়েছেন রামিল গুলিয়েভ। ফেবারিট ওয়েড ফন নিকার্ক ও আইজ্যাক ম্যাকওয়ালাকে পেছনে ফেলে সোনা জিতেছেন আজারবাইজানি বংশোদ্ভূত তুরস্কের এই স্প্রিন্টার।
লন্ডন অলিম্পিক স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ২০.০৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন গুলিয়েভ। ২০.১১ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন দক্ষিণ আফ্রিকার ওয়েড ফন নিকার্ক। তার সমান সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর জেরিম রিচার্ডস। ম্যাকওয়ালা হয়েছেন ষষ্ঠ।
২০০ মিটারে গুলিয়েভকে কেউ গোনায় ধরেনি। ফন নিকার্ক অথবা ম্যাকওয়ালা সোনা জিতবেন বলে মনে করা হচ্ছিল। ১৯৯৫ সালে মাইকেল জনসনের পর প্রথম স্প্রিন্টার হিসেবে ২০০ ও ৪০০ মিটার ‘ডাবল’-এর কীর্তি গড়ার সুযোগ ছিল ফন নিকার্কের সামনে।
অন্যদিকে ছোঁয়াচে ‘নরোভাইরাস’-এ আক্রান্ত হওয়ায় ম্যাকওয়ালাকে ৪০০ মিটারের ফাইনালে ট্র্যাকেই নামতে দেয়নি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশনস (আইএএএফ)। অনেক জল ঘোলার পর ২০০ মিটার হিটে দৌড়ান বতসোয়ানার এই স্প্রিন্টার, তাও আবার একা। হিট পেরিয়ে সেমিফাইনালে দ্বিতীয় হয়ে উঠেছিলেন ফাইনালে।
অথচ এর আগে যার নামের পাশে কোনো বৈশ্বিক পদকই ছিল না, সেই গুলিয়েভে সব হিসাব পাল্টে দিয়ে জিতে নিলেন ২০০ মিটারে সোনা। গুলিয়েভের নিজেরও যেন বিশ্বাসই হচ্ছিল না। সোনার জয়ের পর গুলিয়েভ বলেছেন, ‘এটা চমক না। তবে এটা সত্যি বলেও মনে হচ্ছে না।’
২০১১ সালে আজারবাইজান থেকে তুরস্কের নাগরিকত্ব নেওয়া গুলিয়েভের কণ্ঠে উচ্ছ্বাস, ‘আমি গর্বিত। এই শিরোপার অর্থ অনেক কিছু। সঠিক সময়ে আমার সেরাটা দিয়েছি আমি। বিশ্বচ্যাম্পিয়ন হতে পেরে আমি খুশি। এটা আমার জীবনের সেরা মুহূর্ত।’
২০০৭ সালের পর এই প্রথম উসাইন বোল্টকে ছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোনো ২০০ মিটার স্প্রিন্ট হলো। লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষেই ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে বিদায় বলতে যাওয়া জ্যামাইকান গতিদানব আগেই জানিয়েছিলেন, এই ইভেন্টে তিনি দৌড়াবেন না।

