স্পোর্টস ডেস্ক : রঙ্গনা হেরাথকে ডাউন দ্য উইকেটে এসে লং অফের ওপর দিয়ে হাঁকালেন ছক্কা। সঙ্গে সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের নাম উঠে গেল রেকর্ড বইয়ের অনন্য এক পাতায়। টেস্ট ইতিহাসে সবচেয়ে দ্রুততম ২ হাজার রান ও ২৫০ উইকেটের অসাধারণ ‘ডাবল’ অর্জন করেছেন ভারতীয় অলরাউন্ডার।
অশ্বিন ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন আগেই। ২ হাজার রানের মাইলফলক ছুঁতে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে তার প্রয়োজন ছিল ৫০ রান। শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে তিনি হেরাথকে ওই ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেন ক্যারিয়ারের ১১তম টেস্ট ফিফটি, ২ হাজার রানও।
অশ্বিন ২ হাজার রান ও ২৫০ উইকেটের ডাবল ছুঁলেন ৫১তম টেস্টে। আগের রেকর্ড ছিল ৫৪ টেস্টে। আর রেকর্ডটা ছিল রিচার্ড হ্যাডলির। প্রাক্তন কিউই অলরাউন্ডার রেকর্ডটা গড়েছিলেন ১৯৮৫ সালে। তার ৩২ বছরের অক্ষত রেকর্ড ভেঙে দিলেন অশ্বিন।
চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে এই ডাবল ছুঁলেন অশ্বিন। সব মিলিয়ে ১৫তম। ভারতীয়দের মধ্যে অশ্বিনের আগে এই ডাবল ছুঁয়েছেন কপিল দেব, অনিল কুম্বলে ও হরভজন সিং।
কলম্বো টেস্টের আগ পর্যন্ত অশ্বিনের উইকেট ২৭৯টি। দ্রুততম ২৫০ উইকেটের রেকর্ড তারই। ডেনিস লিলির ৪৮ টেস্টে গড়া রেকর্ড অশ্বিন ভেঙে দেন ৪৫তম টেস্টে। অশ্বিনের সামনে লিলির দ্রুততম ৩০০ উইকেটের রেকর্ডটাও নিজের করে নেওয়ার হাতছানি।
প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার ১৯৮১ সালে মাইলফলক ছুঁয়েছিলেন তার ৫৬তম টেস্টে। ৫ টেস্টে অশ্বিনের দরকার ২১ উইকেট। ভারতীয় অফ স্পিনার যেভাবে ছুটছেন, তাতে হয়তো লিলির রেকর্ড ভাঙা স্রেফ সময়ের ব্যাপার!

