নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য অনুযায়ী বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না।’ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তোফায়েল আহমদের নিয়োগ অবৈধ নিয়ে শুনানিকালে অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে প্রধান বিচারপতি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘একজন ভিসি (নাম উল্লেখ করেননি) পর্যন্ত ঐতিহ্য বজায় রেখে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। তখন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে যারা প্রথম শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হতেন তাদেরকে শিক্ষক নিয়োগ দেওয়া হতো। কিন্তু এখন আর সেটি হচ্ছে না। এটা অ্যালারমিং।’
আদালতে শিক্ষক তোফায়েল আহমেদের পক্ষে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তোফায়েল এসএসসি পরীক্ষায় মার্কস কম পেয়েছে। হাইকোর্ট তার নিয়োগ অবৈধ করায় তাকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না।’
হাইকোর্টের রায় স্থগিতের আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। তবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ রায় স্থগিত না করে ‘নো অর্ডার’ দেন। এই আদেশের ফলে তোফায়েল আহমেদের নিয়োগ অবৈধ থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা।

