নিজস্ব প্রতিবেদক : প্রেষণে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে যুগ্ম সচিব পদে নিয়োগের প্রতিবাদে কালোব্যাজ ধারণ করে অফিস করছেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার সকাল থেকেই তারা পূর্ব ঘোষণা অনুযায়ী কালোব্যাজ ধারণ করে অফিসের কার্যক্রম শুরু করেন।
বুধবার সন্ধ্যায় কমিশনের কর্মকর্তাদের সংগঠন ইলেকশন কমিশন সার্ভিসেস অফিসার্স অ্যাসোসিয়েশন এক বৈঠক শেষে এই কালোব্যাজ ধারণ কর্মসূচির ঘোষণা দেয়।
এর আগে গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসানকে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। এই সংবাদ শুনে কলম বিরতি কর্মসূচি পালন করেন নির্বাচন কমিশন সচিবালয়, ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউট (ইটিআই), জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগসহ (এনআইডি) মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এ বিষয়ে কর্মসূচি আহ্বানকারী সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও ইটিআইয়ের মহাপরিচালক খন্দকার মিজানুর রহমান বলেন, ‘আমাদের কালোব্যাজ ধারণ কর্মসূচি চলছে। তবে আশা করি আমরা সুষ্ঠু সমাধান পাব।’

