ঢাকাWednesday , 19 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংকের স্বার্থ নিশ্চিত করেই বিদ্যুৎ খাতে অর্থায়ন : গভর্নর

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : বিদ্যুৎ খাতের অর্থায়নে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের কোনো প্রয়োজন নেই বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক মনে করে, এককভাবে কোনো ব্যাংকের অর্থায়নের পরিবর্তে কয়েকটি ব্যাংক মিলে (Syndication) একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অর্থায়ন করতে পারে। এতে প্রকল্পের অর্থায়নও হবে, আবার ব্যাংকগুলোও ঝুঁকিমুক্ত থাকবে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, সরকারের অগ্রাধিকার খাতের অন্যতম হচ্ছে বিদ্যুৎ। বাংলাদেশ ব্যাংক এ খাতকে সহযোগিতা করতে রাজি। এ বিষয়ে আমাদের (কেন্দ্রীয় ব্যাংকের) অবস্থান হচ্ছে, ব্যাংক খাতের স্বার্থ আগে রক্ষা করা। ব্যাংক খাত যাতে কোনো অসুবিধায় না পড়ে, সে বিষয়টি ভালোভাবে দেখা।
অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সদস্যদের জন্য বৈদেশিক মুদ্রানীতি ও বিনিয়োগবিষয়ক বনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে এই কোর্স অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইআরএফের সভাপতি সাইফ ইসলাম। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সুলতান আহাম্মদের সভাপতিত্বে বক্তব্য দেন ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান। আর সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
গভর্নর ফজলে কবির বলেন, বড় প্রকল্পের অর্থায়নে আমরা চাইব সিন্ডিকেটেড লোন। এটা ভালো সমাধান। একক গ্রাহক ঋণসীমা অতিক্রম করে বড় প্রকল্পে ঋণ দেওয়ায় আইনি বাধা আছে। কয়েকটি ব্যাংক মিলে ঋণ দিলে সে সমস্যা থাকবে না।
উল্লেখ, আগামি জাতীয় নির্বাচনের আগে বাড়তি ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কিছু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ব্যাংকিং খাতের মাধ্যমে ২০ হাজার কোটি টাকার অর্থায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে হলেও এই অর্থায়ন নিশ্চিত করার তাগিদ দেওয়া হয় গত ২১ জুন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে। বৈঠকে আইন সংশোধনের বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ বিভাগের অতিরিক্ত সচিব জালাল আহমেদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়।
বিদ্যমান ব্যাংক কোম্পানি আইন অনুসারে, কোনো একক গ্রাহককে একটি ব্যাংক তার পরিশোধিত মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারে। বিদ্যুৎ মন্ত্রণালয় চাচ্ছে বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর জন্য এই শর্ত শিথিল করতে।
এ বিষয়ে গভর্নরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদেরকে কিছু জানানো হয়নি। তিনি সংবাদপত্রে এ ধরনের খবর দেখেছেন। তবে বাংলাদেশ ব্যাংক মনে করে, ব্যাংক কোম্পানি আইন সংশোধন না করেও অর্থায়নের সুযোগ আছে। এককভাবে অর্থায়ন না করে, সিন্ডিকেশনের মাধ্যমে অর্থায়ন করলেই সমস্যার সমাধান হয়ে যায়।