আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে ইরান পরমানু চুক্তির বিধিবিধান মেনে চলছে। তবে তারপরও দেশটির ওপর নতুন করে অবরোধ করেছে যুক্তরাষ্ট্র। বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রমের অভিযোগে ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে ট্রাম্প প্রশাসন।
ইরানের বিরুদ্ধে নতুন এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও ট্রেজারি মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় থাকছে ইরানের বিত্তবান ১৮ নাগরিক, গোষ্ঠী ও নেটওয়ার্ক।
নতুন নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও গোষ্ঠীর কোনো সম্পদ যুক্তরাষ্ট্রে থাকলে তা জব্দ করা হবে এবং তাদের সঙ্গে আমেরিকানদের ব্যবসা করা নিষিদ্ধ করা হবে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে গত সোমবার মার্কিন কংগ্রেসে ইরানকে পরমাণু চুক্তি মেলে চলার স্বীকৃতি দিলেও ঠিক তার একদিন পর নতুন নিষেধাজ্ঞার কথা শোনালো যুক্তরাষ্ট্র। ২০১৫ সালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির পরমাণু চুক্তি হয়। এ চুক্তির অন্য দেশগুলো হলো : রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি।
সোমবার ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে জানায়, ইরান পরমাণু চুক্তি মেনে চলছে। এপ্রিল মাসেও কংগ্রেসকে এমন তথ্য দিয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু চুক্তির গতিশীলতায় বাধা দেওয়ার অভিযোগে সোমবার তাদের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয় তারা। খবর রয়টার্স।

