স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডসে উদ্বোধনী টেস্টে চারদিনেই জয় পেয়েছে ইংল্যান্ড। নটিংহামে দ্বিতীয় টেস্টের জন্য ১২ সদস্যের স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি স্বাগতিক দলের নির্বাচকরা।
অধিনায়ক হিসেবে নিজের শুরুটা রাঙ্গিয়ে রাখলেন জো রুট। তার অভিষেক টেস্টে জয় পেতে বল হাতে ইংলিশদের হয়ে সবেচেয় বড় ভূমিকা ছিল মঈন আলীর। দুই ইনিংস মিলিয়ে মোট ১০ উইকেট নিয়ে দলের জয়ের পথটি সহজ করে তুলেন তিনি।
দ্বিতীয় ইনিংসে বল হাতে ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন মঈন আলী। দুর্দান্ত বোলিংয়ে ১১৯ রানেই দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। মঈনের ক্যারিয়ার সেরা এ বোলিংয়ের ম্যাচে ২১১ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড। আর ঘরের মাঠে এ জয়ের ফলে চার ম্যাচ টেস্টে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
লর্ডস টেস্টে একাদশে জায়গা না পেলেও দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াডে রাখা হয়েছে গতি তারকা টবি রোল্যান্ড জোন্সকে।এছাড়া ওপেনিং ব্যাটসম্যান কিটন জেনিংসের ওপরও আস্থা হারাচ্ছে না ইংলিশ নির্বাচকরা। যদিও প্রথম টেস্টের দুই ইনিংসে তার স্কোর ছিল ৮ ও ৩৩। এছাড়া গ্যারি ব্যালেন্সও দলে তার অবস্থান ধরে রেখেছেন।দীর্ঘদিন পর দলে ফিরে লর্ডসে চার উইকেট পাওয়ায় লিয়াম দসনের ওপরও আস্থা রেখেছেন নির্বাচকরা।
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), অ্যালিস্টার কুক, কিটন জেনিংস, গ্যারি ব্যালেন্স, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, মঈন আলী, লিয়াম দসন, টবি রোল্যান্ড জোন্স, স্টুয়ার্ড ব্রড, মার্ক উড, জিমি অ্যান্ডারসন।

