স্পোর্টস ডেস্ক : ট্রান্সফার উইন্ডো খোলা থাকতেই দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অ্যান্তেনিও রুডিগারকে দলে ভিড়িয়েছে চেলসি। ৩৪ মিলিয়ন ইউরোতে রোমা থেকে চেলসিতে যোগ দিয়েছেন তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান শিরোপা জয়ী দল চেলসি। আগামী মৌসুমেও শিরোপা ধরে রাখার প্রত্যাশায় নিজেদের শিবিরের শক্তি বাড়ানোর চেষ্টা করছে দলটি। গত বছর থেকে চেলসির সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন জার্মান ডিফেন্ডার রুডিগার। অবশেষে সিরি’আ ক্লাব রোমা থেকে স্টামফোর্ড ব্রিজে যোগ দিলেন তিনি।
স্টুর্টগার্ট থেকে রোমায় যোগ দিয়ে দুই মৌসুম কাটিয়েছিলেন রুডিগার। গত মৌসুমে রোমার হয়ে ২৬টি ম্যাচে মাঠে নামেন তিনি। রোমার সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি ছিল তার। কিন্তু ইংলিশ লিগের প্রতি আগ্রহ থাকায় স্টামফোর্ড ব্রিজের ক্লাবটিকেই বেছে নিয়েছেন তিনি।
চেলসির সঙ্গে দীর্ঘ ১৯ বছরের বন্ধন ছেড়ে কয়েকদিন আগে অ্যাস্টন ভিলাতে যোগ দিয়েছেন জন টেরি। তার অভাবে রক্ষণে শূণ্যস্থান তৈরি হওয়ায় ২৪ বছর বয়সি জার্মান ডিফেন্ডার অ্যান্তেনিও রুডিগারকে দলে ভিড়িয়েছেন অ্যান্তেনিও কন্তের দল।

