স্পোর্টস ডেস্ক : নটিংহ্যাম্পশায়ারের পেসার লুক ফ্লেচার নিজের বোলিংয়ে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন শনিবার। তবে এ মুহূর্তে সুস্থ আছেন ইংলিশ পেসার। পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছে। নিশ্চিত করেছে তার দল নটিংহ্যাম্পশায়ার।
ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ন্যাটওয়েস্ট ট্রফি টি-টোয়েন্টিতে ঘটনাটি ঘটেছে। এজবাস্টনে মুখোমুখি হয়েছিল নটিংহ্যাম্পশায়ার ও বার্মিংহাম। নটিংহ্যাম্পশায়ারের পেসার লুক ফ্লেচার ওভারের প্রথম বল করার সময় মাথায় জোরে বলের আঘাত পান। বার্মিংহামের ব্যাটসম্যান স্যাম হন এগিয়ে এসে শট নেন। সরাসরি বল আঘাত করে ফ্লেচারের মাথায়। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন ২৮ বছর বয়সী ডানহাতি পেসার। দ্রুত তাকে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়। সে সময় তার মাথা কালো তোয়ালে দিয়ে ঢেকে রাখা ছিল।
এরপর ফ্লেচারকে নিয়ে যাওয়া হয় বার্মিংহাম হাসপাতালে। ওই দুর্ঘটনার পর ম্যাচ ত্রিশ মিনিট বন্ধ ছিল। ম্যাচে জয় পায় বার্মিংহাম। তবে জয়ের পর কোনো উদযাপন করেননি ক্রিকেটাররা। লুক ফ্লেচারের সতীর্থ জেক বল টুইটারে ছবি দেন, যেখানে দেখা যায় লুক ফ্লেচারকে অক্সিজেন দেওয়া হচ্ছিল।

