বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক অভি। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার দেশের গণ্ডি পেরিয়ে দ্বিতীয়বারের মতো ওপার বাংলার সিনেমায় অভিনয় করছেন। সম্প্রতি টলিউডের ‘শেষ চিঠি’ নামের একটি সিনেমার কাজ শুরু করেছেন তিনি। তন্ময় রায় পরিচালিত এ সিনেমায় অভির বিপরীতে অভিনয় করছেন মৌবনী সরকার।
গত ১ জুলাই থেকে শুরু হয়েছে এ সিনেমার দ্বিতীয় লটের শুটিং। কলকাতা, দিল্লি এবং মুম্বাইয়ের বিভিন্ন স্থানে দৃশ্যায়ন করা হবে। এর শুটিং শেষ করে আগামী সপ্তাহে দেশে ফিরবেন অভি। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান অভি।
এ প্রসঙ্গে অভি বলেন, ‘কলকাতার দুটি সিনেমায় কাজ করছি। এখানে কাজ করতে এসে ভালোই লাগছে। এছাড়াও আরো কয়েকটি সিনেমায় কাজ করব।’ এর আগে অভি ওপার বাংলার ‘সোনার বিস্কুট’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। এটি আগামী পূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।
২০১৪ সালে অভি অভিনীত ‘আগে যদি জানতাম তুই হবি পর ’, এবং ‘সে দিন বৃষ্টি ছিল’ নামের সিনেমা মুক্তি পায়। এরপর তিনি ‘ভালোবাসা ডটকম’, ‘প্রেমের অধিকার’, ‘প্রেম হতেই পারে’, ‘ফুলেও তুমি ভুলেও তুমি’, ‘পরান পাখি’সহ কয়েকটি সিনেমায় কাজ করেছেন।

