স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডের প্রথমটিতে রেকর্ড গড়ে জয় পেয়েছিল জিম্বাবুয়ে। লঙ্কানদের মাটিতে ৩’শর অধিক রান তাড়া করে প্রথম জয় পায় দলটি। কিন্ত আজ দ্বিতীয় ওয়ানডেতেই ভিন্নরূপে দেখা গেল জিম্বাবুয়েকে। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে তাদের বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয়ে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে অ্যাঞ্জেলো ম্যাথুসের শ্রীলঙ্কা।
গলেই প্রথম ওয়ানডেতে লঙ্কানদের ছুড়ে দেওয়ায় ৩১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রেকর্ড গড়ে ৬ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছিল জিম্বাবুয়ে। সেই একই ভেন্যুতে আজ টস জিতে জিম্বাবুয়ে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় শ্রীলঙ্কা। স্বাগতিকদের আমন্ত্রনে ব্যাট করতে নেমে দলীয় ২০০ রানও পেরুতে পারেনি জিম্বাবুয়ে। ৩৩.৪ ওভারে মাত্র ১৫৫ রান তুলতেই অলআউট সফরকারীরা।
জয়ের জন্য ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা হতাশার ছিল লঙ্কানদেরও। দলীয় ১০ রানেই ২ উইকেট হারিয়ে কিছুটা ধাক্কা খায় দলটি। এ সময় ব্যক্তিগত ৮ রানে ওপেনার ধানুশকা গুনাথিলাকা এবং শূন্য রানে কুশাল মেন্ডিস সাজঘরে ফেরেন। আরেক ওপেনার নিরোশান ডিকভেলা কিছুটা প্রতিরোধের আভাস দিলেও ব্যক্তিগত ৩৫ করে ফিরে যান তিনিও।
দলীয় ৭৭ রানে ৩ উইকেটের পর জয়ে পৌঁছতে আর কোনো উইকেট বিসর্জন দিতে হয়নি শ্রীলঙ্কাকে। লঙ্কানদের জয় উপহার দিতে সর্বোচ্চ ৭৫ রানের অপরাজিত ইনিংসটি খেলেন উপল থারাঙ্গা। তার সঙ্গে ২৮ রান নিয়ে অপরাজিত ছিলেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। জিম্বাবুয়ের হয়ে তেন্দাই চাতারা ২টি ও গ্রায়েম ক্রেমার ১টি উইকেট পান।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন হ্যামিল্টন মাসাকাদজা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে ম্যালকম ওয়ালারের ব্যাট থেকে। এছাড়া ক্রেইগ আরভিন ২২, সেন উইলিয়ামস ১৩ এবং পিটার মুর ১১ ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। ফলে সফরকারীদের দলীয় সংগ্রহ ১৫৫ রানে থেমে যায়।
বল হাতে লঙ্কানদের হয়ে লাকশান সান্দাকান সর্বোচ্চ ৪টি ও হাসারঙ্গা ডি সিলভা ৩টি উইকেট নেন। ১ করে উইকেট পান দুশমান্তে চামেরা, ধানুশকা গুনাথিলাকা ও অসেলা গুনারত্নে।

