বিনোদন ডেস্ক : গুণী অভিনেতা রিয়াজ। অনেক জনপ্রিয় চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন তিনি। ইদানীং চলচ্চিত্রে খুব বেশি নিয়মিত নন তিনি। তবে টেলিভিশন নাটক-টেলিফিল্মে বেশ সরব রিয়াজ।
অভিনয় ক্যারিয়ারে বৈচিত্রময় চরিত্রে দেখা গেছে তাকে। এবার একজন কবির চরিত্রে অভিনয় করলেন রিয়াজ। তবে চলচ্চিত্রে নয় ‘মৌরানী’ টেলিফিল্মে তাকে এমন চরিত্রে দেখা যাবে। বিষয়টি জানিয়েছেন টেলিফিল্মের নির্মাতা আবু রায়হান জুয়েল।
টেলিফিল্মের গল্প প্রসঙ্গে নির্মাতা আবু রায়হান জুয়েল জানান, ফয়সাল রাজিব একজন কবি। পাশাপাশি একটি দৈনিক পত্রিকার বিনোদন সম্পাদক। অফিস ও কবি কর্ম থেকে দু’দিনের ছুটি নিয়ে গর্ভবতী স্ত্রী শিলুকে নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে যায় সে। শিলুকে নিয়ে প্রথমবার গ্রামের বাড়ি যায়। তাই গ্রামের রেল স্টেশন, ফয়সালের ছোটবেলার স্কুলের সব স্মৃতিময় জায়গাগুলো ঘুরে ঘুরে শিলুকে দেখায় ফয়সাল। তারই ধারাবাহিকতায় ফয়সালের স্কুলের সহপাঠি রূপার প্রসঙ্গ চলে আসে। শিলু ফয়সালকে জিজ্ঞাসা করে- রূপা এখন কোথায়? রূপাকে আবার নতুন করে খুঁজতে শুরু করে ফয়সাল। সহজ-সরল রূপা কীভাবে মৌরানী হয়ে ওঠে সে গল্প নিয়ে এগিয়ে গেছে টেলিফিল্মটির গল্প।
আনিসুল হক রচিত এ টেলিফিল্মে ফয়সাল রাজিব চরিত্রটি রূপায়ন করেছেন রিয়াজ। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, মৌসুমী হামিদ। এছাড়াও দেখা যাবে- ড. ইনামুল হক, আজাদ আবুল কালাম, মাজনুন মিজানসহ অনেককে। আগামীকাল ৩ জুলাই, দুপুর ২টা ৩৫ মিনিটে এনটিভিতে টেলিফিল্মটি প্রচারিত হবে বলেও জানিয়েছেন নির্মাতা।

