ঢাকাMonday , 26 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শান্তিপূর্ণ ঈদ উদযাপনে স্বস্তি প্রধানমন্ত্রীর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শান্তিপূর্ণভাবে দেশব্যাপী ঈদ উদযাপিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার উৎকণ্ঠা নিয়ে গত বছর ঈদুল ফিতর উদযাপিত হলেও এবার কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য দেশবাসীকে ধন্যবাদ দিয়ে বলেন, এ বছর কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের সকল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ জন্য আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর প্রত্যেকে সচেতন হওয়ায় এবং শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনে তাদের আন্তরিক প্রচেষ্টা চালানোর কারণে এটি সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের মানুষ, দলীয় নেতা-কর্মী ও পেশাজীবীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষাপটে এগিয়ে যাচ্ছে। তারা আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করছে।
আগামীতে দেশের জনগণের জীবনযাত্রার মান আরও উন্নত হবে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন আবার জেগে উঠেছে। হারানো মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করেছে। আমি বঙ্গবন্ধুর স্বপ্ন হিসাবে একটি সমৃদ্ধশালী ও উন্নত বাংলাদেশ গড়তে লিঙ্গ, বয়স ও ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার জনগণের খাদ্য, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, গৃহায়ণ ও একটি সুন্দর জীবন নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি আরো শক্তিশালী করতে সারাদেশে একশ’টি অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছি আমরা।
তিনি প্রস্তাবিত বাজেট আগামী অর্থবছরে জনগণের জীবনযাত্রায় পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন।
সকাল সাড়ে ৯টা থেকে জনসাধারণের জন্য গণভবনের গেট খুলে দেয়া হয়। ঈদের নামাজ শেষে সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।
অনুষ্ঠানের শুরুতে আওয়ামী লীগের সিনিয়র নেতারা এবং মন্ত্রিসভার সদস্যরা ফুল দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতারা, বিভিন্ন পেশাজীবী ও বাণিজ্য সংগঠনের নেতারা এবং ভিক্ষুক ও ছিন্নমূলসহ সমাজের সকল স্তরের মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রী পরে সুপ্রিম কোর্টের বিচারপতি, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধান বিচারপতি এস কে সিনহা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।