বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মাহিয়া মাহি, পরীমনি, মিম ও বুবলীর নামে ঢাকাই চলচ্চিত্রে গান ব্যবহার করা হয়েছে। এবার নবাগত চিত্রনায়িকা সানাইয়ের নামে একটি গান ব্যবহার করা হবে ‘ভালোবাসা টোয়েন্টি ফোর ইনটু সেভেন’ সিনেমায়। ‘প্রেমের তাজমহল’ খ্যাত পরিচালক গাজী মাহবুবের ‘ভালোবাসা টোয়েন্টি ফোর ইনটু সেভেন’ সিনেমার মাধ্যমে রুপালি ভুবনে নাম লেখালেন সানাই।
এ প্রসঙ্গে গাজী মাহবুব বলেন, ‘সানাই নতুন হলেও ওর মধ্যে আমি সম্ভাবনা দেখেছি। অভিনয়ের প্রতি ওর দুর্বলতা রয়েছে। বাকিটা চলচ্চিত্রের পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করব। আশা করছি, সিনেমাটিতে সানাইয়ের পারফরম্যান্স ভালো হবে।’ সানাই বলেন, ‘চলচ্চিত্রের কাজের প্রতি দুর্বলতা ছিল অনেক আগে থেকেই। এরপর হঠাৎ চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলাম। আর প্রথম সিনেমায় নিজের নামে একটি গান থাকবে। এটা ভেবে খুব ভালো লাগছে। আশা করছি, গানটিও দর্শকদের ভালো লাগবে।’
সানাইকে নিয়ে এ সিনেমার গানটি লিখেছেন গীতিকার কবির বকুল। এতে কণ্ঠ দেবেন ইমরান। সংগীত পরিচালনা করবেন শওকত আলী ইমন। বি-বাড়িয়া ফিল্মস প্রযোজিত এ সিনেমায় সানাইয়ের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক জায়েদ খান। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করবেন সোহেল রানা, আনোয়ারা, রেসি, ইলিয়াস কোবরা, ডিজে সোহেলসহ অনেকে।

