বিনোদন ডেস্ক : নীল আকাশ আর নীল সমুদ্র। দুটোই মিশে একাকার। পড়ন্ত বিকেলে শান্ত সমুদ্রের ছোট ছোট ঢেউ এসে আচড়ে পড়ছে তীরে। এ তীর ধরে হেঁটে যাচ্ছেন এক যুবতী। পরের দৃশ্যে দেখা যায়- সমুদ্র তীরের পাথরের ওপর ধ্যানমগ্ন তিনি। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘কে বানাইলো রঙের মানুষ/ রঙের কারখানা/ আশা-যাওয়া এই সংসারে রঙের লেনা-দেনা/’ এমন কথার গানটি।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘রঙের মানুষ’গানের মিউজিক ভিডিও। এতে এমন দৃশ্য দেখা যায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী রেখা সুফিয়ানা। এটি রেখার ‘রঙের মানুষ’অ্যালবামের টাইটেল সং। গানটির কথা লিখেছেন লিমন আহমেদ। সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন মুসফিক লিটু। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ঈসা আল জামী রাহী।
এ প্রসঙ্গে রেখা সুফিয়ানা বলেন, ‘এখন শুধু অডিও মাধ্যমে গান আটকে নেই। মিউজিক ভিডিও জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। ভাবিনি এই গানের মিউজিক ভিডিও নির্মিত হবে। তবে নির্মাতা রাহী ভাই আমাকে উৎসাহীত করেছেন। সময় নিয়ে কাজটি করেছি। কক্সবাজারে শুটিংয়ের সময় অনেকটা বিপদ কাঁধে নিয়ে শুটিং করেছি। কারণ তখন বিপদ সংকেত চলছিল। সব মিলিয়ে কাজটি শেষ করেছি। কিন্তু আমাদের কষ্ট সার্থক হবে যদি দর্শক-শ্রোতা গানের ভিডিওটি ভালোভাবে গ্রহণ করেন।’
পরিচালক ঈসা আল জামী রাহী বলেন, ‘এ গানের কথাগুলো শক্তিশালী। আর রেখা সুফিয়ানা গানটি দারুণ গেয়েছেন। গানটি শোনার পর যে দৃশ্য কল্পনা করেছি তাই মিউজিক ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। ভালো-মন্দ বিচার করবেন দর্শক-শ্রোতারা।’
সম্প্রতি ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন স্থানে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণের কাজ হয়েছে। নির্মাতা তার নির্মাণ শৈলীতে ষোলআনা মুন্সিয়ানা দেখিয়েছেন। নির্মাতা ঈসা আল জামী রাহী লোক নাট্যদলের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত। তবে নির্মাণ ও লেখায় সিদ্ধহস্থ রাহী। তিনি ইউনিসেফের প্রজেক্টে ত্রিশটি শর্ট ফ্লিল্ম নির্মাণ করেছেন। এছাড়া ঢাকা এফএম এবং পিপলস রেডিওতে তার লেখা নাটক নিয়মিত প্রচারিত হয়ে থাকে।

