বিনোদন ডেস্ক : ঈদুল ফিতরের একাধিক টেলিভিশন নাটক ও টেলিফিল্মের শুটিং নিয়ে ব্যস্ত সজল ও নুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি ‘অন্তরালে’ টেলিফিল্মে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। রাকেশ বসুর রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয়শিল্পীর চরিত্রে দেখা যাবে সজল-তিশাকে।
টেলিফিল্মটির গল্প প্রসঙ্গে নির্মাতা রাকেশ বসু বলেন, ‘সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী রুদ্র আর জুঁই। আউটডোর শুটিংয়ে একবার ঢাকার বাইরে যায় তারা। রাতের বেলা শুটিং স্পটে পৌঁছায়। এরপর যে যার ঘরে বিশ্রাম নিতে গেলে অস্বস্তিবোধ করে। ওদের ঘুম আসে না। দুজনেই বারান্দায় এসে দাঁড়ায়। অথচ পরের দিন শুটিং।
‘রুদ্র-জুঁই যে নাটকের শুটিংয়ে এসেছে এর গল্পটা জয় আর মঙ্গলার। জয় পোস্ট অফিসের পিয়ন। তবে মানুষ হিসেবে সৎ। তাদের একমাত্র ছেলে শশী। কিন্তু তার অনেক বড় অসুখ। তার অপারেশনের জন্যে অনেক টাকা লাগবে। ওরা ভেবে পায় না কি করবে। এরপর জয় পোস্ট অফিস থেকে টাকা চুরি করে ছেলের অপারেশনের টাকা দেয়। আর মঙ্গলা নিজেকে বিক্রি করে টাকা যোগাড় করে। এত কিছুর পরও ছেলেকে বাঁচাতে পারে না। তারপর মুখোমুখি হয় তারা। সিদ্ধান্ত নেয় আত্মহত্যার। স্ক্রিপ্টের এই গল্পের সঙ্গে রুদ্র-জুঁই নিজেদের জীবনের মিল খুঁজে পায়। এরপরই গল্পে চূড়ান্ত বাঁক নেয়।’ বলেন রাকেশ।
সজল, তিশা ছাড়াও টেলিফিল্মটিতে অভিনয় করেছেন মাসুদ মহিউদ্দিন, শেখ আখতার হোসেন, আমিনুল আশরাফ, সবুজ, রাজীব, চঞ্চল, হেনরী এবং শিশু শিল্পী আলিফ। সম্প্রতি টেলিফিল্মটির দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। আলফা আই প্রোডাকশনের ব্যানারে নির্মিত টেলিফিল্মটি ঈদুল ফিতরের ৬ষ্ঠ দিন বিকাল ৫টায় চ্যানেল নাইনে প্রচারিত হবে বলেও জানিয়েছেন এই নির্মাতা।

