আন্তর্জাতিক ডেস্ক : কাতার সংকটন নিরসনে মধ্যস্থতা করতে সৌদি আরবে গিয়ে বাদশার কাছে পাত্তা পেলেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কাতার ইস্যুতে বৈঠকে বাদশা সালমানের কড়া প্রশ্নের মুখে পড়েন নওয়াজ শরিফ। তার উদ্দেশে বাদশার সোজাসাপটা প্রশ্ন- ‘আপনি কার সঙ্গে আছেন, কাতার না কি আমাদের সঙ্গে?’
টাইমস অব ইন্ডিয়া অনলাইনে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত খবরের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সোমবার জেদ্দায় বাদশা সালমান ও নওয়াজ শরিফের মধ্যকার বৈঠকের সময় কাতার নিয়ে পরিষ্কার অবস্থান নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানান তিনি।
এক্সপ্রেস ট্রিবিউনে আরো বলা হয়েছে, সৌদি বাদশাকে নওয়াজ শরিফ জানিয়ে দিয়েছেন, কাতার সংকট নিয়ে পাকিস্তান কোনো পক্ষ নেবে না। কাতারের সঙ্গে উপসাগরীয় আরব দেশগুলোর সংকট শুরুর পর থেকে সতর্কভাবে পা ফেলছে পাকিস্তান।
সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরসহ তাদের কয়েকটি মিত্র দেশ। অভিযোগ অস্বীকার করেছে কাতার।

