রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্নাসে ভর্তি পরীক্ষায় সময়সূচি একই সময়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ৮ জুন রাবির ভর্তি পরীক্ষা উপ-কমিটি ২২-২৬ অক্টোবর ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয়। দুই দিন পর ১০ জুন চবির ভর্তি পরীক্ষা উপ-কমিটি ২২-৩০ অক্টোবর পর্যন্ত পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে।
গত বছর ২০১৬-১৭ শিক্ষাবর্ষে রাবিতে ২৪-২৭ অক্টোবর এবং চবিতে ২৩-৩১ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৫-১৬ শিক্ষাবর্ষেও পাঁচটি ইউনিটে একই সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলে দুই বিশ্ববিদ্যালয়ে আবেদন করেও হাজার হাজার শিক্ষার্থীকে যেকোনো একটির ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।
জানতে চাইলে চবির রেজিস্ট্রার কামরুল হুদা বলেন, প্রাথমিকভাবে ২২-৩০ অক্টোবর পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। যদি অন্যদের সঙ্গে সাংঘর্ষিক হয়, তবে অবশ্যই বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

