নিজস্ব প্রতিবেদক : দেশে অভাবের কারণে কোনো ভিক্ষুক নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, দেশে এখন অভাবের কারণে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত আছেন, এমন ভিক্ষুক নেই। সেই অর্থনৈতিক অবস্থা আমরা কাটিয়ে উঠেছি। তবে এখনো দেশে প্রচুর স্বভাবের ভিক্ষুক রয়েছে। এদের নির্মূল করতে সময় লাগবে।
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এ কথা বলেন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুক্রবার বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়। এতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত রয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদাতুল্লাহ আল মামুন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান, পরিকল্পনা সচিব মো. জিয়াউল ইসলাম প্রমুখ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ : সময় এখন আমাদের’ শীর্ষক ২০১৭-১৮ অর্থবছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় আগামী অর্থবছরের জন্যে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়।

