স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। ওভালে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় আজ বেলা সাড়ে ৩টায়।
টস: ইংল্যান্ড দলের অধিনায়ক এউইন মরগান টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। টসের সময় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, টস জিতলে তিনিও বোলিং নিতেন।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তামিম ইকবাল।
ইংল্যান্ড দল: এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জেক বল, জস বাটলার, অ্যালেক্স হেলস, লিয়াম প্ল্যাঙ্কেট, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।
আবার ইংল্যান্ড-বধ?: বড় মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ দুই মুখোমুখিতে দুবারই জিতেছে বাংলাদেশ। ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামের মাটিতে পরে ব্যাটিং করে ইংলিশদের হারিয়েছিল বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংলিশদের মাটিতে নামিয়ে এনেছিল মাশরাফির দল। আজ আবার ইংল্যান্ড-বধ করবে বাংলাদেশ? সবশেষ পাঁচ মুখোমুখিতে বাংলাদেশ দল জিতেছে তিনটিতে। ইংল্যান্ডের জয় দুটিতে।

