আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় মোতায়েন যুক্তরাষ্ট্রের থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন চারটি লাঞ্চার যুক্ত হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট মুন জে-ইন।
প্রেসিডেন্টের মুখপাত্র মঙ্গলবার জানিয়েছেন, থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ব্যবস্থার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় নতুন চারটি লাঞ্চার এনেছে যুক্তরাষ্ট্র, যা প্রেসিডেন্টকে জানাতে ব্যর্থ হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কীভাবে এসব লাঞ্চার এল, তা নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন মুন।
উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলায় মার্চ মাসে দক্ষিণ কোরিয়ার সেয়ংজু এলাকায় ছয়টি লাঞ্চারসহ টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স (থাড) মোতায়েন করে যুক্তরাষ্ট্র। ৯ মে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে মুন জে-ইন থাড নিয়ে সংসদীয় পর্যালোচনার প্রতিশ্রুতি দেন। এ ছাড়া থাড নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে উত্তর কোরিয়ার প্রধান মিত্র চীন।
প্রেসিডেন্টের মুখপাত্র ইয়ুন ইয়ং-চান মঙ্গলবার সংবাদ ব্রিফিংয়ে বলেন, দক্ষিণ কোরিয়ার নতুন সরকারকে না বলে অথবা প্রকাশ্যে ঘোষণা না দিয়ে যুক্তরাষ্ট্রের নতুন চারটি লাঞ্চার আনা দুঃখজনক ঘটনা।
তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বা দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, উত্তর কোরিয়ার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মুন জে-ইন।

