নিজস্ব প্রতিবেদক : রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনসাধারণের কেনাকাটায় নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতকল্পে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত কিচেন মার্কেট ও আড়তে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫ এর উদ্যোগে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। ডিএনসিসির অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমান এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. মঞ্জুর-ই-মওলা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এদের মধ্যে কিচেন মার্কেটের দোতলায় অবস্থিত একটি পাইকারি দোকানকে বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এই দোকানি মজুতদারির মাধ্যমে অসাধু পন্থায় চিনির মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে চলছিল। তার দোকানে নিয়মমাফিক কোনো মূল্যতালিকা পাওয়া যায়নি। বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে আজ দোকানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।
একই আইনের অধীনে অপর চারটি দোকানকে ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড করা হয়। এ সময় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর অধীনে আরো ছয়টি দোকানকে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড করা হয়। এ দোকানগুলো বাজারের মধ্যে দিয়ে জনসাধারণের চলাচলের প্যাসেজে অবৈধভাবে মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল।

