স্পোর্টস ডেস্ক : সীমিত ওভারের সিরিজ খেলতে জুলাইয়ের মাঝামাঝি নেদারল্যান্ডস সফরে যাবে আরব আমিরাত ক্রিকেট দল। ওই সফরের আগে নতুন ক্রিকেটে কোচ নিয়োগ দিয়েছে দলটি। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার ডগি ব্রাউনকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আরব আমিরাত।
পহেলা জুন থেকে ফুল টাইম কোচ হিসেবে আরব আমিরাতের সঙ্গে কাজ শুরু করবেন ডগি ব্রাউন। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এর আগে ৩ মাসের জন্য আরব আমিরাত দলের দায়িত্ব পালন করেছিলেন ব্রাউন। এবার ফুলটাইম কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। গত বছরের এপ্রিলে পাকিস্তানের প্রাক্তন বোলার আকিব জাভেদ পদত্যাগ করার পর আমিরাতের কোচের পদটি খালি রয়েছে। এবার কোচের চেয়ারে বসতে যাচ্ছেন ব্রাউন।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৫টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের হয়ে ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত ক্রিকেটে খেলেন ব্রাউন। তাকে নিয়োগ দেওয়া প্রসঙ্গে আরব আমিরাত ক্রিকেটের প্রধান নির্বাচক ওয়ালেদ বুখাতির বলেন, ‘খেলোয়াড়দের সাম্প্রতি ফর্ম ও প্রতিশ্রুতিতে ডগির প্রভাব স্পষ্ট। তার নেতৃত্বে আমরা দলের উন্নতির এ ধারা অব্যাহত রাখতে চাই।’

