স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। আগামী জুলাই ও আগস্টে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে কাবুল ও লাহোরে।
শনিবার পাকিস্তানের লাহোরে শাহরিয়ার খানের সঙ্গে দেখা করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আতিফ মশাল। দীর্ঘক্ষণের বৈঠকে তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে সম্মত হয়। পাশাপাশি আফগানিস্তান ক্রিকেট দলকে পাকিস্তানে ট্রেনিং ও কন্ডিশনিং ক্যাম্প করতে অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বৈঠক শেষে আতিফ মশাল বলেন,‘দুই দেশের দুই বোর্ড ও দুই জাতির সম্পর্কের পৃথক ইতিহাস রয়েছে। আমি নতুন করে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদার করতে এসেছি। আমি আনন্দের সাথে জানাতে চাই পিসিবি ও আমাদের মধ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। আমরা একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলব কাবুলে। এরপর পাকিস্তানের লাহোরেও একটি ম্যাচ খেলব। দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও আলোচনা হয়েছে। কিছুদিনের মধ্যে তা চূড়ান্ত হবে।’
২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের হামলার পর আফগানিস্তান প্রথম দল হিসেবে পাকিস্তান সফর করে। সেটা ২০১৩ সালে। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ করে তারা।

