বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী আবির চ্যাটার্জি ও সোহিনী সরকার। ব্যোমকেশ-সত্যবতী চরিত্রে পর্দায় এই দুজনকে একসঙ্গে দেখা গেছে। এবার একটু ভিন্ন ধরনের চরিত্রে একসঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন এই যুগল।
টলিউডের নবাগত নির্মাতা অরিন্দম ভট্টাচার্য। তার প্রথম সিনেমা ‘অন্তর্লীন’। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘ফ্ল্যাট নং ৬০৯’ শিরোনামের চলচ্চিত্র। আর এতেই জুটি বেঁধে অভিনয় করবেন আবির-সোহিনী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
সিনেমার গল্প প্রসঙ্গে অরিন্দম ভট্টাচার্য জানান, একটি ফ্ল্যাটে নতুন বসবাস শুরু করে এক দম্পতি। ছেলেটি আইটি প্রফেশনাল। স্ত্রী চাকরি ছেড়ে সাময়িক বিরতিতে। গুছিয়ে সংসার করবে বলে মনস্থির করে তারা। দুজনের সম্পর্ক ঠিকঠাক চলছিল কিন্তু নতুন ফ্ল্যাটে উঠার পর বিশেষ কারণে দুজনের দূরত্ব তৈরি হতে শুরু করে। এই দম্পতিকে ঘিরে যে প্রতিবেশীরা রয়েছেন তাদের মধ্যে অনেকেই অদ্ভুত চরিত্রের। কেউ আবার পাগলাটে। এদিকে ফ্ল্যাটে বসবাস করতে গিয়ে তাদের সঙ্গে এমন সব ঘটনা ঘটে, যা একেবারে স্বাভাবিক নয়।
সিনেমার গল্প শুনে ভৌতিক মনে হলেও পরিচালক জানিয়েছেন, এটা থ্রিলারও না ভৌতিকও না। দুইয়ের মিশেল। সিনেমায় আবিরের চরিত্রটি আবিরকে কল্পনা করেই লেখা হয়েছে বলেও জানান এই নির্মাতা।

