স্পোর্টস ডেস্ক : ২০ বছর আগে আজকের এ দিনে ভারতীয় বোলারদের তুলোধুনো করে ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন পাকিস্তানের ওপেনার সাঈদ আনোয়ার।
চেন্নাইয়ে স্বাধীনতা কাপ টুর্নামেন্টে বাঁহাতি ওপেনার ১৯৪ রান করেন মাত্র ১৪৬ বলে। ২২ বাউন্ডারি ও ৫ ছক্কায় পুরো ইনিংসটি সাজিয়েছিলেন সাঈদ। অনিল কুম্বলেকে এক ওভারে টানা তিনটি ছক্কাও মেরেছিলেন বাঁহাতি ড্যাশিং ওপেনার। বড় ইনিংস খেলতে সাঈদ আনোয়ারকে পরোক্ষভাবে সহায়তা করেছিলেন শহীদ আফ্রিদি।ইনিংসের ১৯তম ওভার থেকে সাঈদ আনোয়ারের রানার ছিলেন আফ্রিদি। ফলে একপাশ থেকে সাঈদ আনোয়ার শুধু ব্যাটিং করে যান অন্যপ্রান্তে আফ্রিদি তার হয়ে দৌড়ান।
সাঈদ আনোয়ারের বিধ্বংসী ইনিংসে ভর করে পাকিস্তান ৫ উইকেটে করে ৩২৭ রান। পরবর্তীতে ৩৫ রানে জয় পায় পাকিস্তান। অবাক করা বিষয় ছিল, সাঈদ আনোয়ারের পর দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ করে রান করেন ইজাজ আহমেদ ও ইনজামাম উল হক।
ইনিংসের শেষ দিকে শচীন টেন্ডুলকারের বলে সৌরভ গাঙুলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাঈদ আনোয়ার। একমাত্র ভুল শটটি না খেললে সেদিনই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেত।
১২ বছর নিজের কাছে রেকর্ডটি রেখেছিলেন সাঈদ আনোয়ার। ২০০৯ সালের ১৬ আগস্ট চার্লস কভেন্ট্রি বাংলাদেশের বিপক্ষে করেছিলেন ১৯৪ রান। পরের বছরের শুরুতেই ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার ওয়ানডে ক্রিকেটকে ডাবল সেঞ্চুরির স্বাদ দেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০ রান করেন টেন্ডুলকার।
এরপর বীরেন্দর শেবাগ ২০১১ সালে ২১৯ রান করেন। ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে ২০১৩ সালে ডাবল সেঞ্চুরির স্বাদ নেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রান করেন রোহিত। এক বছর পর রোহিত ছাড়িয়ে যান সবাইকে। ২০১৪ সালের ১৩ নভেম্বর কলকাতায় শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রানের ইনিংস উপহার দেন ডানহাতি এ ওপেনার, যা এখনও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস।
দ্বিতীয় সর্বোচ্চ ২৩৭ রান করেছেন মার্টিন গাপটিল। ২০১৫ বিশ্বকাপে ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসটি খেলেন গাপটিল। ওই বিশ্বকাপেই ক্রিস গেইলের ব্যাট থেকে জিম্বাবুয়ের বিপক্ষে আসে ২১৫ রানের ইনিংস।

