বিনোদন ডেস্ক : নির্মিত হয়েছে দশটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সমসাময়িক ঘটনা নিয়ে প্রজন্ম টকিজের ব্যানারে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রগুলো। এমনটাই জানিয়েছেন প্রযোজক সালেহ সোবহান অনীম।
গত ২০ এপ্রিল থেকে প্রজন্ম টকিজের ইউটিউব চ্যানেলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো মুক্তি পাচ্ছে। প্রতি সপ্তাহে দর্শকরা নতুন একটি করে চলচ্চিত্র দেখতে পাবেন। এসব চলচ্চিত্রে সমসাময়িক নানা বিষয় তুলে ধরা হবে।
এ প্রসঙ্গে প্রজন্ম টকিজের অন্যতম প্রযোজক সালেহ সোবহান অনীম বলেন, ‘আমরা সবসময় চেয়েছি অনলাইনে চলচ্চিত্র নিয়ে কাজ করতে। বিশ্বজুড়ে অনলাইন বিনোদনের এক নতুন জোয়ার দেখছি। কিন্তু আমাদের দেশে কেন কেউ এরকম কিছু করছে না? দেশে অনলাইন বিনোদন কেন এখনো একই গণ্ডিতে আবদ্ধ আছে? সমাজের সমসাময়িক বিভিন্ন বিষয়গুলো যদি ছোটগল্পের মাধ্যমে তুলে ধরা যায় তাহলে দারুণ হয়। আসলে এই ভাবনা থেকেই এই কাজগুলো করছি।’
ইতিমধ্যে চারটি চলচ্চিত্র ইউটিউবে প্রকাশিত হয়েছে। ‘একই পথে’ শিরোনামের চলচ্চিত্রটি কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ছোটগল্প অবলম্বনে নির্মিত। দেশভাগ, শৈশবে ফিরে যাওয়া, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সামাজিক বিরোধের বিষয় এতে তুলে ধরা হয়েছে।
‘১০০ টাকা’ শিরোনামের চলচ্চিত্রটি গড়ে উঠেছে ফেরার পথ প্রায় বন্ধ হয়ে যাওয়া এক যুবকের বর্তমান অবস্থার সঙ্গে শৈশব স্মৃতির মানসিক টানাপোড়েন। ‘কাঁচবৃষ্টি’-তে দেখানো হয়েছে সামাজিক সম্মিলিত প্রতিরোধের কথা। মহল্লার এক মেয়েকে যখন বখাটে উত্যক্ত করছে, তখন একজন প্রতিবাদ করে পথ তৈরি করে। এরপর এই পথ ধরে বাকিরাও এগিয়ে আসে। চতুর্থ চলচ্চিত্রের নাম ‘কলম্বাস’। এতে দেখানো হয়েছে একদল তরুণ-তরুণীর বান্দরবান বেড়াতে যাওয়া আর সেখানে ঘটে যাওয়া নানা ঘটনা।
ময়মনসিংহ, কুষ্টিয়া, বান্দরবান, ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে এসব চলচ্চিত্রের শুটিং হয়েছে। প্রকাশিত এসব চলচ্চিত্র শুধু অনলাইনে সীমাবদ্ধ থাকবে না। ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে। এরই সঙ্গে নতুন প্রজন্মের কাছে এ বিষয়ে তাদের ভাবনার কথা জানতে চাওয়া হবে।

