স্পোর্টস ডেস্ক : ডোপ পাপের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে এখন পর্যন্ত কেবল তিনটি টুর্নামেন্টে খেলেছেন মারিয়া শারাপোভা।১৫ মাস পর কোর্টে ফিরে তার এ রেটিং পয়েন্ট ফ্রেঞ্চ ওপেনে খেলার জন্য যথেষ্ট ছিল না। যোগ্যতা নির্ণায়ক পয়েন্টের ঘাটতি থাকলেও দুই বারের ফরাসি ওপেন জয়ী শারাপোভা বিশেষ বিবেচনায় ওয়াইল্ড কার্ড পাবেন বলে ধারণা ছিল ভক্তদের। তবে শেষ পর্যন্ত ছয় বারের গ্র্যান্ডস্লাম জয়ী এ তারকাকে হতাশ করেছে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন।
সংস্থাটির প্রেসিডেন্ট বারনার্ড গিউডিসেল্লি জানিয়েছেন, পর্যাপ্ত রেটিং পয়েন্টের জন্য নয় বরং নিষেধাজ্ঞার শাস্তি থাকাতেই নাকি শারাপোভাকে ওয়াইল্ড কার্ড দেননি তারা। সংস্থাটি আরও জানায় ওয়াইল্ড কার্ডের বিবেচনা শুধু চোট থেকে ফেরাদের জন্য; নিষেধাজ্ঞা ফেরতদের জন্য নয়।
আগামী সপ্তাহ থেকে কোর্টে গড়াবে রোঁলা গ্যাঁরোর লড়াই। দুই বার ফ্রেঞ্চ ওপেন জয়ী শারাপোভাকে সেখানে খেলার ছাড়পত্র না দেওয়ায় সমালোচনা করেছেন আন্তর্জাতিক নারী টেনিস অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী স্টিভ সিমন। এদিকে বিশ্রামের কথা বলে ফ্রেঞ্চ ওপেন না খেলার কথা জানিয়েছেন রজার ফেদেরার। ভবিষ্যতে ক্লে কোর্ট মৌসুমের বাকি কোনো প্রতিযোগিতায় না খেলার কথা জানিয়েছেন সুইস এ তারকা।

