স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের পর্দা নামার অপেক্ষায়। আর এক-দুইটি করে ম্যাচ রয়েছে দলগুলোর। মঙ্গলবার রাতে নিজেদের দ্বিতীয় শেষ ম্যাচে মাঠে নামে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদে তাদের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ব্রোমউইচ। ম্যানসিটিকে কোনো বিস্ময় উপহার দিতে পারেনি সফকারী দলটি। গার্দিওলার শিষ্যরা প্রত্যাশামাফিক জয়ই তুলে নিয়েছে। ওয়েস্টব্রোমকে হারিয়েছে ৩-১ ব্যবধানে। এই জয়ের ফলে ৩৭ ম্যাচ থেকে ৭৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আকাশী-নীল জার্সিধারীরা। রোববার লিগের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়াটফোর্ড।
এদিকে ম্যানচেস্টার সিটির জয়ের দিনে জয় পেয়েছে আর্সেনালও। তারা ২-০ ব্যবধানে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। আর্সেনালের হয়ে গোল দুটি করেছেন চিলিয়ান ফুটবলার আলেক্সিস সানচেজ (৭২ ও ৮১ মিনিটে)। এ জয়ের ফলে ৩৭ ম্যাচ থেকে ৭২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে আর্সেনাল। অন্যদিকে ৩৭ ম্যাচ থেকে ৭৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে ম্যানসিটি।
মঙ্গলবার ঘরের মাঠে ম্যাচের ২৭ মিনিটেই এগিয়ে যায় ম্যানসিটি। এ সময় মাঝ মাঠের একটু সামনে থেকে সার্জিও আগুয়েরা বল বাড়িয়ে দেন ইয়াইয়া তোরে। আগুয়েরা স্লাইস করে বল দেন কেভিন ডি ব্রুইনিকে। বল নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন ব্রুইনি। শট নেন গোলমুখে। কিন্তু ওয়েস্টব্রোমের গোলরক্ষক বেন ফস্টারের হাতে লেগে বল চলে আসে ফাঁকা পোস্টের সামনে দাঁড়িয়ে থাকা গ্যাব্রিয়েল জেসাসের কাছে। জেসাস আলতো টোকায় বলটিকে জালে ঠেলে দেন (১-০)।
দুই মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেভিন ডি ব্রুইনি। এ সময় আগুয়েরোর কাছ থেকে ডি বক্সের মধ্যে বল পেয়ে যান গ্যাব্রিয়েল জেসাস। তিনি বল রিসিভ করার সঙ্গে সঙ্গেই তাকে ডি বক্সের মধ্যে ফেলে দেয় ওয়েস্টব্রোমের রক্ষণভাগের খেলোয়াড়রা। কিন্তু জেসাস পরে যাওয়ার আগে বল বল বাড়িয়ে দেন ডি বক্সের দিকে আসতে থাকা কেভিন ডি ব্রুইনির কাছে। আনমার্ক ব্রুইনি জোড়ালো শট নে ডি বক্সের বাইরের ফাঁকা জায়গা থেকে। বল সবাইকে ফাঁকি দিয়ে তার গন্তব্যে গিয়ে আশ্রয় নেয় (২-০)।
বিরতির পর ৫৭ মিনিটে ব্যবধান ৩-০ করেন ইয়াইয়া তোরে। এ সময় ওয়েস্টব্রোমের ডি বক্সের সামনে ইয়াইয়া তোরে বল বাড়িয়ে দেন আগুয়েরোকে। বল বাড়িয়ে দিয়েই সামনের দিকে চলে যান তোরে। এ সময় আগুয়েরা আবার বল ফেরত দেন তোরেকে। বল নিয়ে দ্রুতপদে বক্সের মধ্যে ঢুকে পড়েন তোরে। গোলরক্ষককে একা পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান।
৮৭ মিনিটে একটি গোল শোধ দেয় ওয়েস্টব্রোম। এ সময় ডি বক্সের বামপ্রান্ত থেকে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন ওয়েস্টব্রোমের অ্যালান নাইয়োম। বল খুঁজে পায় বক্সের মধ্যে থাকা হাল রবসন কানুকে। তিনি পা লাগিয়ে নিশানা ভেদ করেন। অবশ্য এই গোলটি কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

