বিনোদন ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে টেলিভিশন নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার নির্মাতা ও অভিনেতারা। তারই ধারাবাহিকতায় একসঙ্গে অভিনয় করলেন শহীদুজ্জামন সেলিম, অশনা হাবিব ভাবনা, সমাপ্তী মাসুক। এ তথ্য জানান সমাপ্তী। ‘আয়না কাহিনি’ শিরোনামের একক নাটকে দেখা যাবে তাদের। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এম রহমান মিজান।
নাটকের গল্প প্রসঙ্গে সমাপ্তী মাসুক বলেন, ‘গ্রামের মোটামুটি অবস্থাশালী ব্যক্তি শহীদুজ্জামান সেলিম। তার স্ত্রী অশনা হাবিব ভাবনা। কিন্তু তারা নিঃসন্তান। সন্তান না হওয়ার কারণে স্নিগ্ধাকে বিয়ে করেন সেলিম। এরপর স্নিগ্ধার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে স্নিগ্ধাকে নিয়ে পালিয়ে যাই। এভাবেই নাটকটির গল্প এগিয়েছে।’
তিনি আরো বলেন, ‘কাঠফাটা রোদের মধ্যে আমরা শুটিং করেছি। ঢাকায় অধিকাংশ সময় রুমে অবস্থান করার কারণে রোদের মাত্রা ঠিক বুঝতে পারি না। কিন্তু ঢাকার বাইরে শুটিং করতে গিয়ে টের পেয়েছি। রোদের তাপে কষ্ট হলেও শুটিং ভালো হয়েছে। এ ছাড়া নাটকটির গল্প ভালো। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
১১-১২ মে পুবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ হয়েছে। ব্ল্যাকশেড এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই নাটকটি ঈদুল ফিতরে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

