স্পোর্টস ডেস্ক : ডমিনিকা টেস্টের শেষ দিনের এক ওভার বাকি থাকতে পাকিস্তানের কাছে নাটকীয়ভাবে হেরে সিরিজ খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় জরিমানা করা হয়েছে ক্যারিবীয় কোচ স্টুয়ার্ট লকে। লর ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে লর জরিমানার কথা জানায়।
ঘটনাটা রোববার ম্যাচের শেষ দিনের দ্বিতীয় সেশনে। পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহর বল শেন ডোরিচের ব্যাট-প্যাডে লেগে বাবর আজমের হাতে জমা পড়লে ক্যাচ আউট দেন আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড। নন স্ট্রাইকে থাকা রোস্টন চেজের সঙ্গে আলোচনা করে ডোরিচ চান রিভিউ। সিরিজে ছিল না হটস্পট কিংবা স্নিকো মিটার প্রযুক্তি। রিপ্লে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল না, বল প্যাডে আঘাত করার আগে ব্যাট স্পর্শ করেছে কি না। বেশ কয়েকবার রিপ্লে দেখার পর মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটলবরো।
এরপরই ওয়েস্ট ইন্ডিজ কোচ ল ছুটে যান তৃতীয় আম্পায়ারের রুমে। প্রতিবাদ করেন কেটলবরোর সিদ্ধান্তের। এ কারণেই তাকে জরিমানা করেছে আইসিসি। ল শাস্তি মেনে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি। ল গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ কোচের দায়িত্ব পান। সর্বোচ্চ পর্যায়ে এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার এবং শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের কোচ ছিলেন ৪৮ বছর বয়সি এই অস্ট্রেলিয়ান।

