স্পোর্টস ডেস্ক : জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে ডাক পেয়েছে ১৬ বছর বয়সি লেগ স্পিনার অ্যামেলিয়া কের। মঙ্গলবার ঘোষিত দলে ফিরেছেন ২৭ বছর বয়সি ব্যাটার সোফিয়া ডেভিন। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি। দলে ডাক পেয়েছেন পেসার হান্নাহ রোউই। তিনি সর্বশেষ নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন ২০১৬ সালের নভেম্বরে।
প্রথমবারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার আন্না পিটারসন ও পেসার হলি হাডেলস্টনও। ১৫ সদস্যের দলের ১২ জনই গত বছর ভারতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। কেরের অবশ্য এরই মধ্যে আন্তর্জাতিক অভিষেক হয়ে গেছে। গত বছর পাকিস্তান সিরিজে অভিষেকের পর সাত ওয়ানডেতে দুবার ইনিংসে ৪ উইকেটসহ মোট ১০ উইকেট নিয়েছে এই লেগ স্পিনার। নারী বিশ্বকাপে নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হতে যাচ্ছে কেরই।
বিশ্বকাপের আগে আগামী ১১ জুন হাম্পশায়ারে প্রস্তুতি কাম্প করবে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল। টুর্নামেন্টে নিউজিল্যান্ডের মেয়েরা তাদের প্রথম ম্যাচ খেলবে ২৪ জুন ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে। নারী বিশ্বকাপে ২০০০ সালে একবার চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। এ ছাড়া ১৯৯৩, ১৯৯৭ ও ২০০৩ সালে রানার্স-আপ হয়েছিল তারা।

