বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি চরিত্রের সঙ্গে মিলিয়ে সংলাপ বলাটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ জন্য অনেক সময় খ্যাতিমান অভিনয় শিল্পীদের ডাবিং অন্য কোনো ব্যক্তিকে দিয়ে করানো হয়। কিন্তু কোনো নায়কের ডাবিং অন্য নায়ক করেছেন এমন ঘটনা খুব একটা দেখা যায় না। তবে ‘ইনোসেন্ট লাভ’ সিনেমায় এমন ঘটনা ঘটেছে।
অপূর্ব রানা পরিচালিত ‘ইনোসেন্ট লাভ’ শিরোনামের সিনেমায় চিত্রনায়ক জেফের ডাবিং করেছেন এ সময়ের আরেক চিত্রনায়ক শাহরিয়াজ। গত ১১ মে মগবাজারের একটি স্টুডিওতে তিনি ডাবিংয়ে অংশ নেন।
এ প্রসঙ্গে পরিচালক অপূর্ব রানা বলেন, ‘ইনোসেন্ট লাভ’ সিনেমায় জেফ সুন্দর অভিনয় করেছেন। কিন্তু চরিত্রের সঙ্গে তার কণ্ঠস্বর ভালো মনে হয়নি। তাই চিত্রনায়ক শাহরিয়াজকে দিয়ে সিনেমাটির ডাবিং করিয়েছি। ডাবিং সম্পন্ন করে আগামী সপ্তাহে সিনেমাটি সেন্সরে জমা দিব। ঈদের পরে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছি।
এ সিনেমায় জেফের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি। ২০১৪ সালের শুরুর দিকে রাজধানীর উত্তরায় মহরতের মাধ্যমে শুরু হয়েছিল এ সিনেমার শুটিং। এতে মোট পাঁচটি গান থাকছে। এর মধ্যে একটি আইটেম গানও রয়েছে। জাবেদ আহমেদ কিসলু ও রুমী সেনের কম্পোজিশনে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, পড়শী, রাজিব, মুন, লিজা, তানজিন রুমা ও রুপম।
জাহিন চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটিতে পরী-জেফ ছাড়াও আরো অভিনয় করেছেন-সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী ও কাবিলা।

