
ঝুলন গোস্বামী
স্পোর্টস ডেস্ক : ইতিহাসে নাম লেখালেন ঝুলন গোস্বামী। মেয়েদের আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের বিশ্ব রেকর্ড এখন ভারতীয় এই ফাস্ট বোলারের দখলে।
এতদিন রেকর্ডটা ছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ক্যাথরিন ফিজপ্যাট্রিকের। ১৯৯৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ১০৯ ম্যাচে ১৮০ উইকেট নিয়েছিলেন ফিজপ্যাট্রিক। মঙ্গলবার তাকে ছাড়িয়ে গেছেন গোস্বামী। ১৫৩ ম্যাচে তার উইকেট এখন ১৮১টি।
দক্ষিণ আফ্রিকায় কোয়াড্র্যাঙ্গুলার সিরিজে স্বাগতিক দলের বিপক্ষে নতুন উচ্চতায় পৌঁছান গোস্বামী। ভারতের ৭ উইকেটের জয়ের ম্যাচে ২০ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার শেষ ব্যাটার রাইসিব নজাখেকে এলবিডব্লিউ করার সঙ্গে সঙ্গে ইতিহাসে নাম লেখান ৩৪ বছর বয়সি এই ফাস্ট বোলার।
২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল গোস্বামীর। এরপর থেকেই ভারতীয় নারী দলের পেস বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে তার ঝুলিতে আছে মোট ২৭১টি আন্তর্জাতিক উইকেট। ২০১০ সালে তিনি অর্জুন এবং এর দুই বছর পর পদ্মশ্রীর মতো সম্মানে ভূষিত হন।

