ঢাকাSaturday , 15 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই ১৫ কার্যদিবসের মধ্যে

Link Copied!

mojammelনিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের ওপর আদালতের যে স্থগিতাদেশ ছিল তা তুলে নেওয়া হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে মুক্তিযোদ্ধাদের তালিকার যাচাই-বাছাই কার্যক্রম শেষ করা হবে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, যারা শুধু সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তারাই শুধু মুক্তিযোদ্ধা নয়, যারা মুক্তিযুদ্ধে অন্যান্য কাজের সঙ্গে জড়িত ছিলেন তারাও মুক্তিযোদ্ধা। আমাদের যেসব বীরাঙ্গনা মা-বোনরা রয়েছেন তারাও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাচ্ছেন। মুক্তিযোদ্ধাদের তালিকা অনলাইনে প্রকাশ করার পর কারো কোনো অভিযোগ থাকলে তার ভিত্তিতে শুনানি করে এ তালিকা চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, তৎকালীন সময়ে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি না রাখার অন্যতম ষড়যন্ত্র হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে শিশু পার্ক স্থাপন করেছিলেন। আগামী দেড় বছরের মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত শিশু পার্কসহ অন্যান্য অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করে সেখানে মুক্তিযুদ্ধের নানা স্থাপনা তৈরি করা হবে।
এর আগে ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন মন্ত্রী। কর্মসূচির মধ্যে রয়েছে-
সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে পুষ্পস্তবক অর্পণ ও বীর মুক্তিযোদ্ধা, বিজিবি, পুলিশ বাহিনী, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড ও স্কুলের শিক্ষার্থীগণ কর্তৃক গার্ড অব অনার প্রদান ও কুচকাওয়াজ প্রদর্শন।
সকাল সাড়ে ১০টায় মুজিবনগর শেখ হাসিনা মঞ্চে ‘হে তারুণ্য তুমি দাঁড়াও’ শীর্ষক আলোচনা সভা হবে। সন্ধ্যা ৬টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এ ছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও প্রতিটি জেলা, উপজেলায় ‘মুজিবনগর দিবস’ এর তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মাহমুদ রেজা খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।