শেকৃবি প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ঐতিহ্যবাহী পয়লা বৈশাখকে ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ করা গেছে। পাল্টে গেছে ক্যাম্পাসের চিত্র।
বিভিন্ন রকম আল্পনা এঁকে ক্যাম্পাস সাজাতে ব্যস্ত শিক্ষার্থীরা। উৎসবকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে শিক্ষক-শিক্ষার্থীরা কর্মব্যস্ত সময় পার করছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী শুক্রবার পয়লা বৈশাখে সকাল ৮টায় বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্ভোবন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর কামাল উদ্দিন আহম্মদ এবং সকাল সাড়ে ৮টায় ক্যাম্পাস থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে স্টল ও স্বাধীনতাবিষয়ক চিত্র প্রদর্শন হবে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠন শুভ সংঘ, বন্ধু সভা, ল্যাঙ্গুয়েজ ক্লাব, বাঁধন, সাংবাদিক সমিতি, কৃষাণ থিয়েটার, সপ্তক ও সেতুবন্ধন প্রভৃতি সংগঠনের অংশগ্রহণে থাকছে সাংস্কৃতিক সপ্তাহ।

