বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের গুণী নির্মাতা জাকির হোসেন রাজু। ২০১৩ সালে তিনি নির্মাণ করেন ‘পোড়ামন’ শিরোনামের সিনেমা। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার এ সিনেমাটির সিক্যুয়েল ‘পোড়ামন-টু’ নির্মাণ করছে এ প্রযোজনা প্রতিষ্ঠান। তবে পরিবর্তন এসেছে পরিচালক ও শিল্পীদের।
‘পোড়ামন-টু’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন রোশান ও পূজা। পরিচালনা করছেন রায়হান রাফি। এ সিনেমার গল্পে পরী ও সুজন নামের এক প্রেমিকযুগলের ভালোবাসার করুণ পরিণতি দেখানো হবে। আগামী ২৩ এপ্রিল সিনেমাটির শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
গত ১২ মার্চ মেঘনা রিসোর্টে এ সিনেমার আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলীমুল্লাহ খোকন, পরিচালক জাকির হোসেন রাজু, ‘পোড়ামন-টু’ সিনেমার পরিচালক রায়হান রাফি, সংগীতশিল্পী আকাশ সেনসহ অনেকে। এ অনুষ্ঠানে সিনেমাটির নতুন পরিচালকের হাতে ক্ল্যাপস্টিক তুলে দেন ‘পোড়ামন’ সিনেমার পরিচালক জাকির হোসেন রাজু।

