বিনোদন প্রতিবেদক : অপু বিশ্বাস টিভি লাইভে নিজেকে শাকিব খানের স্ত্রী দাবি করেছেন সোমবার বিকেলে। এর পরপরই বিষয়টি স্বীকার করে নিলেন ঢালিউডের এক নম্বর নায়ক।
সোমবার বিকেলে অপুর লাইভ সাক্ষাৎকারের পরপরই এফডিসি থেকে শাকিবকে ফোন করেন কয়েক গণমাধ্যমকর্মী। শাকিব ফোন রিসিভ করেই জানান, টিভি অনুষ্ঠানের বিষয়ে অবহিত আছেন। অপু তার স্ত্রী, তাদের একটি সন্তান আছে। শাকিব আরো জানান, তিনি ঢাকায় ফিরছেন। এরপরই গণমাধ্যমের সামনে পুরো বিষয়টি খোলাসা করবেন।
সোমবার বিকেলে টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোরে সন্তানসহ হাজির হয়ে শাকিবের সঙ্গে নিজের সম্পর্কের আদ্যপ্রান্ত জানান অপু। শাকিব খান নিজ বাড়িতে ২০০৮ সালের ১৮ এপ্রিল অপু বিশ্বাসকে বিয়ে করেন। বিয়েতে কাজী আসে ফরিদপুরের ভাঙা থেকে। ওই সময় উপস্থিত ছিলেন প্রযোজক মামুনুজ্জামান খান ও শাকিবের ভাইসহ অনেকে। বিয়ের আসরেই অপুর নাম পাল্টে রাখা হয় অপু ইসলাম খান।

