স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে শেষ কবে? বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দলের কোনো খেলোয়াড়ই সেই জয়ের স্বাদ পায়নি! পাবে কীভাবে? ওয়েস্ট ইন্ডিজ যে সবশেষ পাকিস্তানের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে সেই ১৯৯১ সালে। রিচি রিচার্ডসনের দল পাকিস্তান সফরে তিন ম্যাচের সিরিজ জিতেছিল ২-০ ব্যবধানে। একটি ম্যাচ হয়েছিল ‘টাই’।
২৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি ওয়েস্ট ইন্ডিজের সামনে। গায়ানায় আজ দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারাতে পারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা। ২০১৪ সালের আগস্টে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের পর কোনো ওয়ানডে সিরিজ জেতেনি ওয়েস্ট ইন্ডিজ। আজ পারবে ক্যারিবীয়রা? গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে রেকর্ড গড়ে। আগে ব্যাটিংয়ে নেমে গায়ানায় সর্বোচ্চ ৩০৮ রানের রেকর্ড স্কোর গড়ে পাকিস্তান। জেসন মোহাম্মদের ৫৮ বলে অপরাজিত ৯১ রানের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ সেটি পেরিয়ে যায় ৪ উইকেট আর ৬ বল হাতে রেখেই। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের তিন শ রান তাড়া জয়ের জয়ের ঘটনা এটিই প্রথম। ক্যারিবীয়রা আজ দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে পারে কি না, সেটাই এখন দেখার।

