রাবি প্রতিনিধি : বিভিন্ন দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো তাইকোয়ান্দে সোনা ও রূপা জিতেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী নাঈম আলী।
‘১৩তম আন্তর্জাতিক তাইকোয়ান্দ চ্যাম্পিয়নশিপ-২০১৭’ এ সোনা ও রূপা জিতেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শেষ বর্ষের এই শিক্ষার্থী। এবার বাংলাদেশ থেকে শুধুমাত্র তিনি এই প্রতিযোগিতায় অংশ নেন। পদক জিতে সম্প্রতি দেশে ফিরেছেন নাঈম ও তার কোচ।
গত ২০ মার্চ থাইলান্ডে অনুষ্ঠিত সেঞ্চুরি ক্লাসিক তাইকোয়ান্দে অংশ নিয়ে সোনা এবং ২৫-২৬ মার্চ প্রিন্সেস কাপে অংশ নিয়ে রূপা জিতেন নাঈম।
নাঈমের কোচ ও রাবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুজ্জামান চঞ্চল বলেন, ‘সেঞ্চুরি ক্লাসিকে নাঈমের সামনে কেউ দাঁড়াতেই পারেনি। ৬৮-৭৪ কেজি ক্যাটাগরির ফাইনালে ২৫ পয়েন্ট পেয়ে স্বর্ণপদক অর্জন করে নাঈম। তার প্রতিপক্ষ অর্জন করে মাত্র ১২ পয়েন্ট।’
এ ছাড়া প্রিন্সেস কাপে ১১টি দেশের প্রতিযোগীরা অংশ নেন। নাঈম অংশ নেন পুমসে ক্যাটাগরিতে। এতে থাইল্যান্ডের ওরাসিট ন্যুটসেনাট ৭ পয়েন্ট পেয়ে সোনা আর নাঈম ৬ দশমিক ৬৭ পয়েন্ট পেয়ে রূপা জিতেন বলে জানান তিনি।
নাঈম বলেন, ‘কোচ স্যারের পরিশ্রম ও গাইডলাইন ছাড়া আমার পক্ষে এত দূর আসা সম্ভব হতো না। নিজে জিতে আমি যতটা খুশি, তার চেয়ে বেশি খুশি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ও পতাকাকে সমুন্নত রেখে।’
আগামী পরিকল্পনা সম্পর্কে নাঈম বলেন, ‘সামনে জুন মাসে কোরিয়াতে আন্তর্জাতিক তাইকোয়ান্দো প্রতিযোগিতা আছে। সেখানে অংশ নেওয়া ও ভালো করার চিন্তা আছে। সেটার জন্যই বর্তমানে প্রস্তুতি নিচ্ছি।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে অবস্থিত তাইকোয়ান্দো জিমটি বর্তমানে বাংলাদেশের মধ্যে অন্যতম আধুনিক জিম। বিশ্ববিদ্যালয়ের ৯জন নারী শিক্ষার্থীসহ প্রায় ৫০জন শিক্ষার্থী নিয়মিত অনুশীলন করছেন তাইকোয়ান্দো। এদের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন জাতীয় তাইকোয়ান্দো প্রতিযোগিতায় পদকধারী।

