স্পোর্টস ডেস্ক : কিছুতেই যেন থামানো যাচ্ছে না রিয়াল মাদ্রিদকে। জিনেদিন জিদানের দল যে গোল করেই চলেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫০ ম্যাচে গোল করল ‘লস ব্লাঙ্কোস’রা।
সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার লা লিগায় আলাভেসকে ৩-০ গোলে হারিয়ে টানা ম্যাচে গোল করার ‘হাফ সেঞ্চুরি’ করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে করিম বেনজেমার গোলেই রিয়ালের রেকর্ডটা চলে যায় টানা ৫০ ম্যাচে। দ্বিতীয়ার্ধে একটি করে গোল করেছেন ইসকো ও নাচো।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছিল রিয়াল। এরপর থেকে প্রায় এক বছরে ৫০ ম্যাচের সবগুলোতেই কমপক্ষে একটি হলেও গোল করেছে জিদানের দল। যেটি লা লিগার কোনো দলের সর্বোচ্চ। এই ৫০ ম্যাচে রিয়াল গোল করেছে মোট ১৩৩টি। পক্ষান্তরে নিজেরা হজম করেছে ৫৬টি।

