স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্স শেষে এবার ক্লাবের হয়ে মাঠে নামছেন নেইমার। স্প্যানিশ লা লিগায় আজ গ্রানাডার বিপক্ষে মাঠে নামবে নেইমারের বার্সেলোনা। এই ম্যাচে মাঠে নামার আগে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে ব্রাজিলিয়ান এ সেনসেশন।
বার্সায় সব প্রতিযোগিতায় এখন নেইমারের গোল সংখ্যা ৯৯। আর এক গোল হলেই শত গোলের মাইলফলকে পা রাখবেন তিনি। আর সেটা হলে নেইমার হবেন বার্সেলোনার হয়ে শত গোল করা ব্রাজিলিয়ান তৃতীয় ফুটবলার।
পাঁচ হলুদ কার্ডের কারণে গ্রানাডার বিপক্ষে আজকের ম্যাচে নিষেধাজ্ঞায় রয়েছেন বার্সা শিবিরের সবচেয়ে বড় তারকা মেসি। আজ মেসির অনুপস্থিতিতে আলো হয়ে ফুটতে পারেন নেইমার। সে সঙ্গে পৌঁছে যেতে পারেন শত গোলের মাইলফলকে।
ব্রাজিলিয়ান প্রাক্তন তারকা এভারিস্তো (১৯৫৭-৬২) ১০৫টি ও রিভালদো বার্সেলোনার হয়ে (১৯৯৭-২০০২) ১০০টি গোল করেছিলেন। এবার অপেক্ষা নেইমারের। ২০১৩ সালে সান্তোস ছেড়ে ক্যাম্প ন্যুতে পাড়ি জমান নেইমার। কাতালানদের আক্রমণভাগে নিজেকে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
সব প্রতিযোগিতায় বার্সার হয়ে ৯৯টি গোল করতে নেইমার ম্যাচ খেলেছেন ১৭৬টি। লা লিগায় ৬৩, কোপা দেল রেতে ১৪, ইউরোপিয়ান প্রতিযোগিতায় ২১ ও স্প্যানিশ সুপার কাপে ১টি গোল করেছেন নেইমার।

