স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে টেস্ট-ওয়ানডে সিরিজের পর আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও অনিশ্চিত শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। নিয়মিত অধিনায়ক ম্যাথুসের অনুপস্থিতিতে টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে লঙ্কান দলকে নেতৃত্ব দিবেন উপল থারাঙ্গা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহা।
জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন লঙ্কান নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথুস। ইনজুরিতে পড়ার ফলে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের খেলতে পারেননি লঙ্কান এই পেস অলরাউন্ডার।
ইনজুরিতে থেকে এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় এবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে থাকছেন না ম্যাথুস। এ বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহা বলেন, ‘আশা করা হয়েছিল প্রথম টি-টোয়েন্টিতে বাদ পড়লেও দ্বিতীয় ম্যাচে তিনি (ম্যাথুস) ফিরে আসবেন। কিন্তু হতাশার বিষয় হচ্ছে পুরো সিরিজেই ম্যাথুস খেলতে পারছেন না। যদিও তার হ্যামস্ট্রিং ইনজুরি একটু ভালোর দিকে কিন্তু ডান কাফের অবস্থা খুব একটা ভাল নয়।’
নিজের ইনজুরি নিয়ে অ্যাঞ্জোলো ম্যাথুস বলেন, ‘এটা আমার জন্য খুবই হতাশার। ঘরের মাঠে টেস্ট ও ওয়ানডেতে খেলতে না পারলেও আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দিকে তাকিয়ে ছিলাম। কিন্তু ফিজিও জানিয়েছে পুরোপুরি সুস্থ হতে আমার আরো বেশী সময় লাগবে। যদিও সোমবার থেকে বোলিং করার পরিকল্পনা ছিল। কিন্তু এখন মনে হচ্ছে সেটাও সম্ভব হবে না।’
এদিকে আগামী ৪ ও ৬ এপ্রিল বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। ম্যাচ দুইটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, টেন ক্রিকেট ও টেন থ্রি চ্যানেল।

