স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে রেফারির সঙ্গে অপেশাদার আচরণে মেসির নিষেধাজ্ঞার কথা সবারই জানা। জাতীয় দলের চার ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে ক্লাব বার্সেলোনাতেও এক ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন মেসি।
আর নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট এই ছুটিতে ইতালিতে ব্যক্তিগত পুষ্টিবিদের সঙ্গে দেখা করতে গিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।
আজ রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে গ্রানাডার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এই ম্যাচেও খেলতে পারছেন না বার্সা শিবিরের সেরা তারকা মেসি।
চলতি মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বার্সা সুপারস্টার। সে কারণে গ্রানাডার বিপক্ষের ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে ৫ এপ্রিল ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে খেলতে বাধা নেই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার।
ক্লাব ও জাতীয় দলের নিষেধাজ্ঞার এই সময়টাতে ইতালি গিয়েছেন মেসি। গতকাল শুক্রবার বার্সা সুপারস্টার ভেনিসে পৌঁছেন বলে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।
বিকেলে ব্যক্তিগত পুষ্টিবিদ গুলিয়ানো পোজারের সঙ্গে সাক্ষাত করেন তিনি। পুষ্টিবিদের কাছে শরীর চেক আপের পর রাতেই বার্সেলোনায় ফিরেন মেসি।

