নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৫ মার্চ আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস পালনের জন্য জাতিসংঘে এ মাসেই আবেদন পাঠানো হবে। একই সঙ্গে জাতিসংঘের এই প্রস্তাবে বিদেশিদের সমর্থন আদায়ের জন্য বাংলাদেশ সরকার কূটনৈতিক তৎপরতা চালাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রস্তুত।
২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘৯ ডিসেম্বর জাতিসংঘ গণহত্যা দিবস পালন করে। এ দিবস পালনের পেছনে বড় কোনো যুক্তি নেই। কিন্তু ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে আমাদের যুক্তি ঐতিহাসিক এবং প্রবল। বিশ্বের কোনো রাষ্ট্রে এক রাতে যুদ্ধ ঘোষণা ছাড়াই এতো নাগরিক হত্যার নজির নেই। ’
তিনি আরো বলেন, ‘২৫ মার্চ শুধু রাজধানীতেই ৫০ হাজার লোককে হত্যা করা হয়। আশা করি জাতিসংঘ আমাদের আহ্বানে সাড়া দিয়ে ২৫ মার্চ আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস পালনের ঘোষণা দেবে।’

