নিজস্ব প্রতিবেদক : আদালত অবমাননার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেছেন আদালত।
বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সোমবার এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রব চৌধুরী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (শিক্ষা) মোহাম্মাদ হাফিজুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি আদেশ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। সেই আদেশে হাফিজুর রহমানকে বরখাস্ত করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেই আদেশকে চ্যালেঞ্জ করে হাফিজুর রহমান একটি রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।
আগামী ১০ দিনের মধ্যে উপাচার্য হারুন অর রশিদকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
একই সঙ্গে হাফিজুর রহমানের বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেয়া আদেশটি তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন আদালত। এই বরখাস্ত আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

