
নিজস্ব প্রতিবেদক : যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় ১২ আসামির জামিন বাতিলের আবেদনের ওপর শুনানি আগামী ১৯ নভ্ম্বের অনুষ্ঠিত হবে।
সোমবার ঢাকার সিএমএম আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আনোয়ার ছাদাত জামিন বাতিলের জন্য করা তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার এবিএম সিদ্দিকুর রহমান আসামিদের জামিন বাতিল চেয়ে পৃথক দুটি আবেদন করেন। এর একটি আবেদনে প্রত্যক্ষদর্শী সাক্ষীদের দ্বারা আসামি সনাক্তকরণ মহড়া আয়োজনের জন্য পাঁচ আসামির জামিন বাতিলের আবেদন জানানো হয়। এ পাঁচ আসামি হলেন তুহিনুর রহমান ফাহিম, সৈয়দ মুজতবা আলী রুমি, রাশেদুল মাহমুদ, সাইফুল ইসলাম নুরুজ্জামান ও সুজন হাওলাদার।
এছাড়া মামলার তদন্তের স্বার্থে অপর সাত আসামির জামিন বাতিলের জন্য পৃথক একটি আবেদেন করা হয়। এ সাত আসামি হলেন- জাহাঙ্গীর মণ্ডল, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, সোহেল মাহমুদ, চুন্নু মিয়া, মাহবুবুল হক হীরক, শরিফউদ্দিন চৌধুরী পাপ্পু।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের ২৯ জুলাই রাত ১টার দিকে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন মিল্কি। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ৯/১০ রাউন্ড গুলি করা হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মেজর রাশিদুল হক খান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় কয়েক ব্যক্তির বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন।

