নিজস্ব প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি মো. ফোরকান মল্লিকের বিরুদ্ধে অভিযোগ গ্রহণের আদেশ আগামী ৩০ নভেম্বর ধার্য করা হয়েছে।
সোমবার প্রসিকিউশনের পক্ষ থেকে ফোরকান মল্লিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ অভিযোগ গঠনের আদেশের দিন নির্ধারণ করেন।
এর আগে ট্রাইব্যুনালে ফোরকানের বিরুদ্ধে আনীত অভিযোগ ও সাক্ষ্য প্রমাণাদী দাখিল করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল।
উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের দায়ে ২০০৯ সালের ২১ জুলাই ফোরকানের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় আবদুল হামিদ নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২৫ জুন মো. ফোরকান মোল্লিককে বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
ফোরকানের বিরুদ্ধে গত ২৬ জুন থেকে তদন্ত শুরু হয়। তার বিরুদ্ধে তদন্ত করেন তদন্ত কর্মকর্তা সত্যরঞ্জণ রায়।

