বিনোদন ডেস্ক : অমিত হাসান একজন জনপ্রিয় অভিনেতা। ক্যারিয়ারের প্রথম দিকে নায়ক হিসেবে সফলতা পেলেও খলনায়ক হিসেবেও পেয়েছেন দর্শকপ্রিয়তা।
অভিনয় ব্যস্ততার পাশাপাশি তিনি লেখালেখিও করেন। ছাত্রজীবনে আবৃত্তি করে পুরস্কারও পেয়েছেন। অর্ধশত কবিতা আর বেশ কয়েকটি গল্পও লিখেছেন এই অভিনেতা। এবার প্রথমবারের মতো গান লিখেছেন বলে জানান অমিত হাসান।
এ প্রসঙ্গে অমিত হাসান বলেন, ‘ছাত্রজীবন থেকেই লেখালেখি করি। আমার লেখা কবিতা ও গল্পগুলো বই আকারে প্রকাশ করার ইচ্ছে আছে। এবারের বই মেলায় প্রকাশ করতে চেয়েছিলাম কিন্তু ব্যস্ততার কারণে তা আর হয়ে উঠেনি।’
‘কখনো মেঘ কখনো বৃষ্টি/ বিধাতা তোমাকে করেছে সৃষ্টি/ শুধু আমার জন্যে’ এমন কথার গানটির মাধ্যমে গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করলেন অমিত হাসান। গানটির সুরও করছেন তিনি।
তিনি আরো বলেন, ‘কয়েকদিন আগে একটি রোমান্টিক গান লিখেছি। গানটির সুরও নিজেই করেছি। আমার কাছের কয়েকজনকে গানটি দেখাব। সবার ভালো লাগলে সিনেমায় ব্যবহার করব। তবে গানটিতে কে কণ্ঠ দিবেন তা এখনো ঠিক করিনি।’
বর্তমানে বেশ কয়েকটি সিনেমায় খল অভিনেতা হিসেবে কাজ করছেন অমিত হাসান। এরমধ্যে যৌথ প্রযোজনার সিনেমাও রয়েছে। এছাড়া বর্তমানে তিনি বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

